রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃতিসন্তান এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই মল্লিক (পারভেজ)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরের দিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই জটিলতায় রয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক দলের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।’
খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক ও দলের নেতাকর্মীসহ মোট ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যে যাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরসঙ্গীদের তালিকা প্রকাশ করা হয়।
দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে যাঁরা খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তারা হলেন, সৈয়দা শামিলা রহমান (পুত্রবধূ), ডা. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, নিরাপত্তা টিমের সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, এবং খালেদা জিয়ার সহকারী মাসুদের রহমান। সঙ্গে থাকবেন ফাতেমা বেগম ও রূপা শিকদার নামে দুই গৃহসহকারী।
এর মধ্যে সবচেয়ে নজরকাড়া উপস্থিতি খুলনার তেরখাদার সন্তান মোঃ আব্দুল হাই মল্লিক (পারভেজ)। যুক্তরাজ্য বিএনপির সক্রিয় নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও সমন্বয় কাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে দলের নেতারা জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের গুরুতর সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক মাসগুলোতে তার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি বিএনপি বারবার তুলে আসছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.