জামালপুর প্রতিনিধি
জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম নূর মোহাম্মদ জানান, ঢাকাগামী কাঁচা মরিচবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু, রাসেল ও শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
আহত দিপুকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এছাড়া আহত শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.