বগুড়া প্রতিনিধি
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি), মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি ও প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড) — এই তিনটি সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সদর উপজেলার শাখারিয়ায় দিবসটি উদযাপন করা হয়।
১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবীদের অবদানকে মূল্যায়ন ও স্বীকৃতি দিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়। স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উৎসাহিত করা এবং মানবসেবায় তাদের কর্মকাণ্ডকে সম্প্রসারিত করার লক্ষ্যেই এ দিবসটি গুরুত্ব পেয়ে আসছে।
অনুষ্ঠানে পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম (লিটন)। বিশেষ অতিথি ছিলেন মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, মেরী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা এবং পেসড’র নির্বাহী পরিচালক রোমমানা খাতুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানবতার সেবায় মানুষকে স্বেচ্ছায় এগিয়ে আসার প্রয়োজনীয়তা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সমাজের প্রতিটি স্তরের মানুষের নৈতিক দায়িত্ব মানবতার কল্যাণে কাজ করা। বিশেষ করে যুবসমাজকে স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজ উন্নয়নে বড় ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, সব প্রতিকূলতার মাঝেও স্বেচ্ছাসেবীরা মানবতার দূত হিসাবে কাজ করে যাচ্ছে, যা সমাজ উন্নয়নে অপরিসীম অবদান রাখছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো. মাশরুকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত, প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন, সাংবাদিক আজাহার আলীসহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীবৃন্দ।
স্বেচ্ছাসেবীদের সম্মাননা, মতবিনিময় ও মানবসেবার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.