নরসিংদী প্রতিনিধি
র্যাব-১১, সিপিএসসি নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা, একটি বড় কাভার্ড ভ্যান এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, চোরাচালান ও মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলস কাজ করে যাচ্ছে র্যাব। সুশৃঙ্খল গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে বিভিন্ন আলোচিত অপরাধী গ্রেফতারে র্যাব-১১ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট হতে সাম্প্রতিক সময় পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় র্যাব-১১ এর অভিযানে ২৯৯ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার ১৯০ আসামি, ধর্ষণ মামলার ১০১ আসামি এবং অস্ত্র আইনের ৪০ আসামি গ্রেফতারসহ ১২৬টি অস্ত্র ও ১৩৯৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৪৮৩ জন মাদককারবারি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। অপহরণকারী ৮৪ জনকে গ্রেফতার এবং ৯৪ জন ভিকটিম উদ্ধার করে র্যাব আলোচনায় আসে। ছিনতাইকারী-ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন ও প্রতারণার ১৮ আসামিসহ মোট প্রায় ৫৯৯ অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে একটি হলুদ রঙের বড় কাভার্ড ভ্যানে করে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ঢাকাসহ আশপাশের জেলায় পাচার করছে। খবর পেয়ে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল মরজাল বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের জয়নাল স্টোরের সামনে চেকপোস্ট বসায়।
সকালে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানোর পর চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। কথাবার্তায় সন্দেহ হলে ভ্যানটি তল্লাশি করে ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো মোট ১০০ কেজি গাঁজা, নগদ ৯৭০০ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে ভ্যানটিও জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতার দুই মাদককারবারি হলেন,মোঃ সাজেদুর রহমান জনি (৪৫), পিতা মোঃ আব্দুল মান্নান, মাতা সায়রা বেগম, গ্রাম জগমোহনপুর, ইউনিয়ন ৩ নং ইছালী, থানা কোতয়ালী, জেলা যশোর।
মোঃ তরিকুল ইসলাম রাজন (৩০), পিতা আসাদ উল্লাহ, মাতা শেফালী বেগম, গ্রাম তিলাই, ইউনিয়ন গুলমুন্ডা ৪ নং ওয়ার্ড, থানা জলঢাকা, জেলা নীলফামারী।
গ্রেফতার দুই আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম।

