বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর মহাসড়কে ট্রাকচাপায় নবীন হালদার (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী অনুপমা রানী (২৪) গুরুতর আহত হন। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নবীন হালদার উজিরপুর থানার মাদ্রা গ্রামের নিগম হালদারের ছেলে। আহত অনুপমা রানী নবীনের স্ত্রী।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ছয় মাস আগে নবীন ও অনুপমার বিয়ে হয়। নবীনের ঢাকায় একটি স্বর্ণের দোকান ছিল। গত বুধবার নবীন বাড়িতে আসেন এবং বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কুয়াকাটা বেড়াতে যান। দুই দিনের ভ্রমণ শেষে শনিবার বাড়ি ফেরার পথে আউলিয়াপুর এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়।
ধাক্কায় নবীন সড়কে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার মাথার ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ঘটনায় নবীনের স্ত্রী অনুপমা রানী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে এবং সড়কে সৃষ্টি হওয়া যানজট স্বাভাবিক করে। ঘাতক ট্রাকের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.