বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির এক নারী সদস্যকে ধর্ষণের মামলায় দাড়িয়াল ইউনিয়নের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হাওলাদার (৪৫)–কে গ্রেপ্তার করেছে র্যাব-৮। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত কামাল হাওলাদার ওই ইউনিয়নের মৃত কাদে হাওলাদারের ছেলে। ভুক্তভোগী নারী (৩৮) একই এলাকার আইউব আলী হাওলাদারের মেয়ে ও মিয়া বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুবাদে কামাল হাওলাদারের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় গড়ে ওঠে। পরে তিনি ভুক্তভোগীর ছোট ছেলেকে প্রাইভেট পড়াতে তার বাড়িতে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে ঘনিষ্ঠতার সুযোগে ওই শিক্ষক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এদিকে বিয়ের আশ্বাসে বিশ্বাস করে গত বছরের ডিসেম্বরে ভুক্তভোগী নারী ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর আরও ঘনিষ্ঠতা তৈরি হলে কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি কামালকে জানালে তিনি গোপন রাখতে বলেন এবং গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করেন। ভুক্তভোগী নারী গর্ভপাত না করে বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্ত শিক্ষক অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগ।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২৭ নভেম্বর বরিশাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জ থানায় এফআইআর রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, “আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। গতকাল র্যাব-৮ নগরীর সাগরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

