আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
গৌরব ও মর্যাদার সাথে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আশাশুনি মুক্ত দিবস। রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আলহাজ্ব মনসুর আহমেদ, সাবেক কমান্ডার আব্দুল হান্নান, পিআইও আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাশ, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর আশাশুনি হানাদারমুক্ত হয়। এ দিনটি আশাশুনিবাসীর জন্য যেমন গৌরবের, তেমনি প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ করারও দিন। মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করে বক্তারা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে শহীদদের স্মরণে নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

