Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার তানভীরের টেক্সটাইল রঙ প্রযুক্তিতে পিএইচডি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার চৌধুরী পরিবারের সন্তান তানভীর আহমেদ চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পরিবেশবান্ধব ও টেকসই টেক্সটাইল রঙ প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণা সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে আলোচনায় এসেছে।

টেক্সটাইল শিল্পকে পরিবেশবান্ধব ধারা ও টেকসই রূপান্তরের পথে এগিয়ে নিতে তাঁর গবেষণার সম্ভাবনা উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ। শৈশবে ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি অর্জন করে তিনি মেধার পরিচয় দেন। এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন ড্যাফোডিলের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে।

স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে তৃতীয় সমাবর্তনে পান বিশেষ সম্মাননা। পরে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং–এ অসাধারণ ফলাফল করে চতুর্থ সমাবর্তনে অর্জন করেন স্বর্ণপদক।

অধ্যয়ন শেষে তিনি কাজ করেন কয়েকটি খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক টেক্সটাইল কোম্পানিতে। শিল্পক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর যুক্ত হন শিক্ষাজগতে। তাঁর গবেষণাপত্র আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS)–সহ বেশ কয়েকটি স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণা নিয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে ড. তানভীর বলেন, ‘প্রাকৃতিক রঙের ব্যবহার শুধু পরিবেশের জন্য নিরাপদ নয়; টেক্সটাইল শিল্পকে টেকসই রূপান্তরের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সহকর্মীদের মতে, তানভীর আহমেদের এ অর্জন টেক্সটাইল গবেষণা, শিক্ষা ও শিল্পক্ষেত্রে নতুন ভাবনা যোগ করবে। ভবিষ্যতে এ খাতের উন্নয়নেও তাঁর গবেষণা কার্যকর ভূমিকা রাখতে পারে।

ড. তানভীর আহমেদের জন্ম তেরখাদা উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে। তাঁর বাবা চৌধুরী কাউছার আলী স্থানীয় রাজনীতির পরিচিত মুখ, সমাজসেবক এবং তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি উপজেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের মূল্যবোধ, নেতৃত্বগুণ ও শিক্ষানুরাগ তানভীর আহমেদের ব্যক্তিজীবন ও পেশাগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।

টেক্সটাইল গবেষণায় তাঁর এ অর্জন—তেরখাদার এই সন্তানকে ঘিরে এলাকায় গর্বের বোধ আরও বাড়িয়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।