আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। চারটি পদের জন্য অন্য কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়ায় প্রবীর–মোরাদ প্যানেলের চার সদস্যকে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বিকালে ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার,কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. জিনারুল ইসলাম,সদস্য সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মুকুল,নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মহসিন মিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহিদুল হক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম সার্বিক তত্ত্বাবধান করেন।
নির্বাচন প্রসঙ্গে প্রভাষক নিপা পারভিন বলেন, “এই নির্বাচন শিক্ষক সমাজের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল নির্বাচিত হওয়া প্রমাণ করে শিক্ষকরা একে অপরের প্রতি আস্থা রাখেন এবং উন্নয়নমুখী কার্যক্রমের প্রতি সমর্থনশীল।”
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরাদ হোসেন তালুকদার জানান, “আমাদের লক্ষ্য একটি সমন্বিত, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী শিক্ষক পরিষদ গঠন করা। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মানবিক, স্বচ্ছ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, “সহকর্মীদের বিশ্বাস ও ভালোবাসা আমার কাছে মূল্যবান। শিক্ষক সমাজের ন্যায্য স্বার্থ সংরক্ষণ ও কলেজের মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো।”
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় তাদের গ্রহণযোগ্যতা ও সংগঠিত কার্যক্রমের প্রতিফলন। নতুন কমিটি কলেজের একাডেমিক অগ্রযাত্রা ও গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবনির্বাচিত শিক্ষক পরিষদ কমিটি ২০২৬ সালের জন্য শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করবে এবং কলেজের শিক্ষা-পরিবেশকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.