নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে বর্বরোচিত কায়দায় ফখরুল ইসলাম মনজু ওরফে বলি (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুলিশ জানিয়েছে, নিহত বলি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে বলি তার বড় বোনের অসুস্থ মেয়েকে দেখতে হাজীপুর ইউনিয়নে যান। সেখান থেকে ফেরার পথে মান্দার বাড়ির দরজায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ১৫-২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজিতে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় সিএনজি থেকে পড়ে গেলে তারা বলিকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরিবারের দাবি—পূর্ব শত্রুতার জেরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
অন্যদিকে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেব দাবি করেন, সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাজারে যাওয়ার পথে মনতাজ স্যারের বাড়ির সামনে বলি ও তার সহযোগীরা তাকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বলিকে গণপিটুনি দিলে সে মারা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডাখানায় হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিহত বলির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ ৫-৭টি মামলা রয়েছে। এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়েছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.