ধোবাউড়া (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুর রহমান বলেন, “সরকার সবসময় দরিদ্র, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে মানবিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি মানুষের উন্নয়ন ও সেবাপ্রাপ্তির সমান অধিকার রয়েছে।” তিনি আরও জানান, শীতের কষ্ট লাঘব এবং শিক্ষার্থীদের মানসিক–শারীরিক বিকাশে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ঢেউটিন প্রদান, নারীদের প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন বিতরণ এবং আদিবাসী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উদ্বোধনী অংশে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জ্বল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.