ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ সুলতান মাহমুদ।
বক্তারা বলেন, কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে সাধারণ মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। নাগরিক সেবা প্রদানে কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করলে দুর্নীতি দমন সম্ভব।
দিবসের কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.