বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পূর্বের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের ভোটাররা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাকেরগঞ্জ- পেয়ারপুর সড়কের রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে এলাকার দুই শতাধিক ভোটার অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল মন্নান হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, আসাদুজ্জামান খান পিন্টু, মহিউদ্দিন খান, নাজমা বেগম, রোকেয়া খাতুন ও অনিকা বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রবিপুর এলাকার প্রায় ২হাজার ৫শত ভোটারের নিকটবর্তী রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে আধুনিক ২টি ভবনে ১০ টি রুম রয়েছে। কিন্তু এই কেন্দ্রটি বাতিল করে দেড় কিলোমিটার দূরের মেউর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। যেখানে মাত্র ২টি রুম রয়েছে। তাছাড়া ওই গ্রামে ১১ শত ভোটার। ভোট গ্রহনের জন্য পর্যাপ্ত বুথের ব্যবস্থাও নেই। এত দূরে গিয়ে ওই কেন্দ্রে ভোট দিতে আগ্রহ হারাবেন ভোটাররা। পুরোনো ভোট কেন্দ্র বহাল রাখার দাবি জানান তাঁরা।
গারুড়িয়ার ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘পূর্বের ভোট কেন্দ্রের নিকটবর্তী ভোটার প্রায় ২হাজার ৫শত, আর যেখানে নতুন ভোট কেন্দ্রটি করা হয়েছে সেটির আশপাশে ভোটার প্রায় ১১ শত।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমির খসরু গাজী বলেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে পূর্বের কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্রটি অনুমোদন করেছেন। আমার করণীয় কিছু নাই।’
এ বিষয়ে যোগাযোগ করায় কোনো মন্তব্য করতে চাননি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.