ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে রোহান (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাকশিমুল তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত রোহানকে রাতেই সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
আহত রোহান পাকশিমুল গ্রামের সৌদি প্রবাসী আবদুল হান্নানের ছেলে। ঘটনাটি জানাজানি হওয়ার পর রোহানের নানা মো. হিরা মিয়া বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক অলিউল্লা লাদেনকে আসামি করে সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হিরা মিয়া অভিযোগ করে বলেন, “রোহান আমার মেয়ের ঘরের নাতি। দুই সপ্তাহ আগে মাদ্রাসায় ভর্তি করেছি। সোমবার দুপুরে স্বাভাবিক সময়েও বাড়ি না ফেরায় মাদ্রাসায় খোঁজ নিতে গিয়ে দেখি তাকে আটকে রাখা হয়েছে। পরে জানতে পারি ক্লাস চলাকালে বাইরে বের হতে চাইলে শিক্ষক অলিউল্লা লাদেন উত্তেজিত হয়ে বেত্রাঘাত করেন। এতে তার পিঠ, গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও রক্ত জমাট চিহ্ন হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা অলিউল্লা লাদেন বলেন, “রোহান দুষ্টুমি করছিল, তাই তাকে বেত দিয়ে আঘাত করেছি।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.