মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ, বেগম রোকেয়া দিবস–২০২৫ এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে উদ্যোক্তা মেলা এবং পিঠা–মেহেদী উৎসবও অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে এসব অনুষ্ঠানমালা শুরু হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান ও উদ্যোক্তা মেলা পরিদর্শন অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী মিয়া এবং সম্মাননা প্রাপ্ত অদম্য নারীরা। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী উদ্যোক্তা মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, খাদ্যপণ্য ও সৃজনশীল সামগ্রী স্থান পায়। পিঠা উৎসব ও মেহেদী উৎসবেও তরুণ-তরুণীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা নারী অধিকার, নারীর অগ্রযাত্রা এবং দুর্নীতিমুক্ত দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক, মোঃ বাশার মোল্লা, শফিউল আজম নিশানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.