সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের যুবক ফখরুল ইসলাম (২৮)-এর দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর ডেমরা থানার মুস্তাক হাজি এলাকায় খালের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি সংলগ্ন সেনেরখিল জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার হাজারো মানুষ অংশ নেন।
ফখরুল ইসলাম সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস হোসেনের তৃতীয় ছেলে এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টোর ছোট ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ফখরুল ঢাকার ডেমরা এলাকায় একটি বোতলজাত গ্যাসের দোকানে চাকরি নেন। তার শ্বশুর তাকে এই চাকরিটি করে দিয়েছিলেন। সম্প্রতি ইতালির ওয়ার্ক পারমিট (নোলস্তা) ইস্যু হয়েছে এবং ভিসা প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। আগামী এক-দেড় মাসের মধ্যে তিনি ইতালি যাওয়ার কথা ছিল। তার ৪ ও ৫ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে, স্ত্রী রুবিনা আক্তার ৭ মাসের অন্তঃস্বত্ত্বা। শ্বশুর বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামে।
নিহতের স্ত্রী রুবিনা আক্তার জানান, “শনিবার রাতে আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়। রোববার সকাল থেকে তার ফোন বন্ধ পাই। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। সোমবার রাতে ডেমরা থানা পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই।”
তিনি অকপটে বলেন, “যারা বলছে আত্মহত্যা, তা মেনে নেওয়া যায় না। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। আত্মহত্যা করলে এত আঘাত থাকে নাকি? আমার দৃঢ় বিশ্বাস, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।”
নিহতের বড় ভাই নুরুল ইসলাম ভুট্টো (সৌদি আরব প্রবাসী) মুঠোফোনে বলেন, “আমরা কার কাছে বিচার চাইব? ময়নাতদন্ত হয়েছে। সঠিক প্রতিবেদন পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।”
ডেমরা থানার ওসি তাইফুর রহমান জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা, নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.