মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘চলে একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানভিত্তিক ছাত্র–যুব–নাগরিক সমাবেশ ২০২৫।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ শুরু হয়। পুরো মাঠ এবং আশপাশ এলাকা ছিল উপস্থিত জনতার সমাগমে মুখরিত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
তিনি তার বক্তৃতায় এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে জনগণের কাছে সমর্থন প্রার্থনা করেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, ইতিবাচক রাজনীতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসু ভিপি ও রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
তিনি বলেন, সমাজ পরিবর্তনে ছাত্র–যুব–নাগরিকের ঐক্য অপরিহার্য। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক উন্নয়নে সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।
দিনাজপুর-৬ উন্নয়ন ফোরামের আয়োজনে সমাবেশ শেষে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজারে এলাকায় শেষ হয়। বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং জনসাধারণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.