জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন,“আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনের এমপি থাকাকালে এলাকার অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করেছি। রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু উন্নয়নকাজ বাস্তবায়ন করেছি। মুক্তিযুদ্ধের সময় আশাশুনির অলিগলি আমার যুদ্ধক্ষেত্র ছিল। আবারো নির্বাচিত হতে পারলে আশাশুনির কোনো রাস্তা কাঁচা থাকবে না। মসজিদ-মন্দির, স্কুল-কলেজে উন্নয়ন হবে, বিদ্যুতের কাজ এগিয়ে নেওয়া হবে, এবং বেড়িবাঁধকে বিশ্বের সবচেয়ে টেকসই বাঁধে পরিণত করা হবে।”
তিনি আরও বলেন,“আশাশুনিতে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করবো। মানিকখালী ব্রিজের টোল ফ্রি করবো। এক বছরের মধ্যেই সব কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে। তাঁত ও কুটির শিল্প গড়ে তোলা হবে। আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হবে। নির্বাচিত হলে হোসেনপুরে প্রথম রাস্তা নির্মাণের কাজ শুরু করবো।”
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন ও প্রফেসর মাসুদ করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু, মহিলা দল নেত্রী ডা. মর্জিনা খাতুন বেবী, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি প্রীতিশ রায়, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, নজিবুল ইসলাম, মোজেল হোসেন, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি কাজী আলাউদ্দীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.