রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুরস্থ মহসিন মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে আবারও হস্তক্ষেপ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
অধিভুক্তি–বহির্ভূত বিষয়ের এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার ঘটনাকে ‘বিধি পরিপন্থি’ ঘোষণা করে তা অবিলম্বে বাতিলের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
৯ ডিসেম্বর জারি করা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়—গভর্নিং বডির পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমানই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বৈধভাবে দায়িত্ব পাওয়ার উপযুক্ত ব্যক্তি।
কিন্তু তৎকালীন অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বরখাস্ত অবস্থায় গভর্নিং বডির অনুমোদন ছাড়াই ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নওরোজী কবিরকে দায়িত্ব দেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ভঙ্গ করেছে।
স্মারকে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়। ফলে নওরোজী কবিরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার সিদ্ধান্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯–এর ধারা ৪ (২)(i–v) লঙ্ঘন করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাষায়, এই নিয়োগের “কোনো বিধিভিত্তিক বৈধতা নেই” এবং তাঁর দায়িত্ব পালনও “অবৈধ”।
নোটিশে গভর্নিং বডিকে নির্দেশ দেওয়া হয়েছে—মূল সিদ্ধান্ত অনুযায়ী মো. মাহফুজার রহমানকে অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিতে হবে এবং কলেজের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে ১০ সেপ্টেম্বর একই বিষয়ে নির্দেশ পাঠানো হলেও কলেজ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ভাইস–চ্যান্সেলরের অনুমোদনে জারি করা চিঠিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। নোটিশের কপি পাঠানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডির সদস্য এস.এম ফরিদ আক্তার এবং সংশ্লিষ্ট দপ্তরে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.