মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব দিবস উপলক্ষে ভবতরণ সেবা সংঘের আয়োজনে ৬ দিনব্যাপী বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বাগাট ইউনিয়নের বাগাট শ্রীনিকেতন ভবতরণ সেবা সংঘ মিলনায়তনে এ মহোৎসব ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর প্রতুষে দেশ ও জাতির মঙ্গলকামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবতম পাঠ ও সমরেশ কীর্ত্তনীয়া দলের প্রাসঙ্গিক কীর্ত্তনের মধ্য দিয়ে মহোৎসবের উদ্বোধন করেন ভবতরণ সেবা সংঘের আচার্য নন্দ দুলাল গোস্বামী। ছয় দিনব্যাপী এ আয়োজনে ছিল চব্বিশ প্রহর এক নাম কীর্ত্তন, ছয় পালা অষ্টকাল লীলা কথা ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান।
বগুড়ার শ্রীমতি তৃষ্ণা দেবনাথ, নওগাঁর কুমারী বন্ধনা মোহন্ত ও গাজীপুরের শ্রী মহাদেব ঘোষ লীলা রসামৃত বক্তব্য ও আলোচনা পরিবেশন করেন। এছাড়া দেশের খ্যাতনামা বহু কীর্ত্তনীয়া দল এতে অংশ নেয়—ফরিদপুরের মধুখালীর ভবতরণ সম্প্রদায়, ঢাকার মা শিবানী সম্প্রদায়, সাতক্ষীরার মা কুমুদিণী সম্প্রদায়, নীলফামারীর গোবিন্দ মন্দির সম্প্রদায়, মানিকগঞ্জের লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় এবং গোপালগঞ্জের মহাপ্রভু সম্প্রদায়।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান। ছয় দিনের এ ধর্মীয় উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.