বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অঞ্জলী রানী সাহা (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নিহতের পুত্র ও পুত্রবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার কবাই ইউনিয়নের লক্ষিপাশা গ্রামে।
নিহত অঞ্জলী রানী সাহা ওই এলাকার মৃত চিত্ত রঞ্জন সাহার স্ত্রী। চেতনা হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের পুত্র প্রশান্ত সাহা (৬৫) ও তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা (৫২)।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাড়ির ভাড়াটিয়া রাজিব, যিনি পেশায় টেইলার্স দোকানি, তাদের ডাকতে গিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে উঁকি দিয়েই পরিবারের তিন সদস্যকে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ঘরে প্রবেশ করেন। খবর পেয়ে স্থানীয় এক চিকিৎসক এসে অঞ্জলী রানী সাহাকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের উদ্ধার করেন।
অচেতন অবস্থায় দুইজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত সাহার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. খন্দকার সোহেল রানা বলেন, “খাবারে চেতনানাশক ওষুধ মেশানোর কারণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং দুইজন চিকিৎসাধীন আছেন। ধারণা করা হচ্ছে বয়স বেশি হওয়ার কারণে তিনি চেতনানাশকের প্রভাবে মারা যেতে পারেন। লাশ থানায় আনা হয়েছে। কত টাকা ও কত স্বর্ণালংকার চুরি হয়েছে, ভুক্তভোগীরা সুস্থ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

