জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. আলিম, রবিউল আওয়াল ছোট, সাদিক আনোয়ার ছোট, আক্তারুজ্জামান আক্তার, শফিউল আলম সুজন, ইয়াসিন আরাফাত, সেকেন্দার আলী বাদশা প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে সক্রিয় তরুণ নেতৃত্বকে দমন করতেই পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর যুবদলের আহ্বায়ক সরদার রুহুল আমিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন প্রিন্স, কৃষক দলের আহ্বায়ক আ. কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একলাছুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বড়দল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান মোল্যা, কাদাকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করিম সানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.