দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক শান্ত (২৪) এর মরদেহ ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত দেওয়া হয়।
নিহত যুবক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্থ জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখন্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার ও ভারতের ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট নিউউদয় বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অংশ নেয়। পতাকা বৈঠক শেষ বিজিবি’র নিটক নিহত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১০ থেকে ১২ জন বাংলাদেশি মাদক চোরাকারবারী মাদক পাচারের উদ্দেশ্যে ভারত প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের বাঁধা দিলে চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে শান্ত গুরুতর আহত হয়। পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে আটক করে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।

