রাসেল আহমেদ ,খুলনা প্রতিনিধি
খুলনায় অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে অবস্থিত ওই কারখানাটি শনাক্ত করা হয়।
অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কারখানা থেকে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০ থেকে ৩৫টি অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। নগরীর ব্যস্ত ও জনবহুল এলাকায় গোপনে এ ধরনের কারখানা পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, কর্মচারী শহিদুল এবং আকবর আলী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল যে ওই এলাকায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা রয়েছে।
সেই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং যেসব সাচের মধ্যে অস্ত্র প্রস্তুত করা হয়, সেগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, কারখানাটিতে অন্যান্য কাজের পাশাপাশি অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। যেখানে অস্ত্রের ফিনিশিং করা হয়, সেখানে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশের টিম বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
ডেপুটি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে কেএমপি এলাকায় অস্ত্র ব্যবহারের ঘটনা বেড়েছে। মহানগরীর ভেতরে এত কাছাকাছি একটি অস্ত্র তৈরির কারখানা থাকা অত্যন্ত উদ্বেগজনক। এটি শনাক্ত করা পুলিশের জন্য বড় ধরনের সাফল্য।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, আপাতত এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অস্ত্র তৈরির মূল কারিগরকে ঈশ্বরদী থেকে এখানে আনা হয়েছিল। এই কারখানায় অস্ত্রের ট্রিগার, ট্রিগার গার্ডসহ ঢালাইয়ের মাধ্যমে তৈরি করা বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুত করা হতো। তবে বাটের কাঠের অংশ ও স্প্রিং অন্য স্থানে সংযোজন করা হয়।
তিনি জানান, উদ্ধার করা ৩০ থেকে ৩৫টি অস্ত্রের যন্ত্রাংশ কোথায় সংযোজন করা হয়েছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত—তা জানতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে এখানে অস্ত্র তৈরি হয়ে আসছিল। এর আগেও খুলনা ও আশপাশের বিভিন্ন জেলায় এখান থেকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.