Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫; দলীয় কার্যালয় ভাঙচুর

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একটি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার ও বিএনপি নেতা পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার রাতে কাটাখালী বাজারে দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি সাজার চেষ্টা করছে। তারাই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় আমি নিজেও আহত হয়েছি।”

অন্যদিকে পাভেল আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, “আমরা বিশ্বম্ভরপুর থানা পুলিশের অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলাম। এ সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের প্রাথমিক তথ্যে ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।”

আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।