স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপি’র বহিস্কারকৃত সাধারন সস্পাদক আলহাজ মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করে থাকে। ধর্মের দোহাই দিয়ে তারা এই অপকর্মে লিপ্ত। এই গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ১০টির বেশি আসন পাবে না। তিনি কলস প্রতীককে আপামর জনসাধারণের মার্কা বলে অবহিত করে ভোট প্রার্থনা করেন।
শনিবার (৩১জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মোল্যার মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ ে মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপি’র প্রবীণ নেতা তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপি’র বহিস্কারকৃত সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু'র সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা জাহিদুল হক পাপ্পু, নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুজাহিদুর রহমান পলাশ,জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন ঘোষ,লোহাগড়া উপজেলা বিএনপি’র বহিস্কারকৃত সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি মিলু শরীফ, সাবেক সাধারন সম্পাদক মশিয়ার রহমান সান্টু প্রমূখ।
জনসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ মনিরুল ইসলাম বলেন, কলস স্বাধীনতার প্রতীক। কলস বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক। কলস হিন্দু-মুসলমানের প্রতীক। সর্বোপরি কলস নড়াইল ও লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতীক। কলস প্রতীকে ভোট দিলে নড়াইল-লোহাগড়ায় কোন হামলা-মামলা হবে না। মিথ্যা মামলা হবে না। অসাম্প্রদায়িক নড়াইল গড়তে হলে কলস প্রতীকে ভোট দিতে হবে। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের কলস প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দুপুরের পর থেকেই জনসভাস্থলে নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভাসহ ১২টি ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থনে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। জনসভা শুরুর সাথে সাথে ঐতিহ্যবাহী মোল্যার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.