জামালপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগানের মতো—যেখানে ধর্ম, দল কিংবা গায়ের রঙ নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতেই দায়িত্ব বণ্টন করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্বের নির্বাচন, আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন এবং ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন।” তিনি বলেন, এই নির্বাচনে দুটি ভোট হবে—প্রথমটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। “‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির শৃঙ্খল পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে।”
তিনি আরও বলেন, জামায়াত ইসলামি কেবল দলীয় বিজয় চায় না; তারা ১৮ কোটি মানুষের বিজয় চায়। “আমাদের অঙ্গীকার যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া।” জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনমিক জোন), ডাবল রেললাইন স্থাপন, নদীভাঙন রোধ এবং একটি মেডিকেল কলেজ স্থাপনসহ সব যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনপ্রতিনিধিরা প্রতি বছর নিজেদের এবং পরিবারের আর্থিক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করবেন। জনসভা শেষে তিনি জামালপুরের পাঁচটি আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।
জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.