গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ নানা সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। তারা ধানের শীষ, শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে নানা প্রকার স্লোগান দেন।
একই সময় হিন্দু সম্প্রদায়ের নারীরা উচ্চকণ্ঠে উলুধ্বনি দিয়ে জহির উদ্দিন স্বপনের প্রতি তাদের সমর্থন জানান।
ওইদিন সকাল ১০টায় তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের যশুরকাঠি এলাকায় পথসভায় যোগদানের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি ওই ইউনিয়নের লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি বাটাজোর কবিবাড়ির সামনে জড়ো হওয়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
দুপুর ১টায় দক্ষিণ-পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের পথসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের কয়েক হাজার জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
দুপুর ২টায় তিনি ও ইউনিয়নের শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত নানা সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,
এ সময় তার সাথে ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপি'র সাবেক সভাপতি এস.এম মনিরুজ্জামন প্রমূখ।
গণসংযোগ ও পথসভা গুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমান ছাড়া এ মুহূর্তে দেশে আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র ভরসার স্থল। ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও আমাকে এমপি বানালে দেশে শৃঙ্খলা ফিরে আসবে।
আমরা দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে বিদায় করে দিতে হবে। সংখ্যালঘু ভাই-বোনেরা এতদিন নৌকা মার্কায় ভোট দিত। কারণ তারা বিশ্বাস করত নৌকা মার্কা তাদের নিরাপত্তা দিবে।
শেখ হাসিনার ভুল রাজনীতি তাকে তো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে নৌকা মার্কাটিও সে সাথে করে নিয়ে পালিয়েছে। তার ভুল রাজনীতি নৌকা মার্কার নিরীহ সাধারণ ভোটারদেরকে ঝুকির মধ্যে ফেলে দিয়েছে। সংখ্যালঘুদের ভরসা দিয়ে তিনি বলেন, আপনারা যারা নিরীহ সাধারণ সংখ্যালঘু আপনাদের এ অঞ্চলের অভিভাবকের দায়িত্ব আমি নিলাম। আমি কথা দিচ্ছি আপনাদেরকে যদি কেউ অন্যায় ভাবে অত্যাচার, নির্যাতনের চেষ্টা চালায় আমি তাদেরকে প্রতিহত করব।
ছাত্রদল যুবদল এর নাম ব্যবহার করে কেউ যদি আপনাদেরকে কোন প্রকার সমস্যা করার চেষ্টা করে আপনারা আমাকে জানাবেন। কোন সামাজিক অপরাধীকে বিএনপি ঠাঁই দেবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.