Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেলাবতে আজিমুল হত্যা মামলার রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টায় ২ খুনি গ্রেফতার, উদ্ধার ৪ লাখ টাকা

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে আজিমুল কাদের ভূঁইয়া (৪১) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত ৪ লাখ টাকা ও নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ জানুয়ারি রাতে বেলাব থানার বীর বাঘবের গ্রামের বাসিন্দা আজিমুল কাদের ভূঁইয়া নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর ২৯ জানুয়ারি তার নিজস্ব মুরগির ফার্ম সংলগ্ন বর্জ্য ফেলার ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র এসআই শেখ মো. জসিম উদ্দিন ও এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ থেকে মামলার প্রধান আসামি প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী আবুল কালাম (৪৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত প্রমন তালুকদারের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানায় এবং আবুল কালামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।