আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার সিদ্ধান্তে আলফাডাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের লিখিত সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা বিএনপি এবং ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লিখিত সুপারিশক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন, “দলীয় ঐক্যই বিএনপির প্রধান শক্তি। সব ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ বলেন, “দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ মেনে বিএনপির জন্য কাজ করে যাবো এবং ফরিদপুর–১ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”
অপরদিকে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) বলেন, “ভুল–বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাকে পুনরায় দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীর আন্দোলন ও নির্বাচনে সক্রিয়ভাবে দলের পক্ষে কাজ করবো।”
আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা বলেন, “বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে নতুন করে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে দলের সকল সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে চলবো এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
এদিকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা বিএনপির নেতৃত্ব ও ফরিদপুর–১ আসনের ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, এ সিদ্ধান্ত দলের ভেতরের ঐক্য আরও সুদৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.