জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে একটি সরিষার ক্ষেতে ১৬ বছর বয়সী স্কুলছাত্র তাইফ হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নিশ্চিত করেছেন।
নিহত তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
ওসি আনিছুর রহমান জানান, তাইফ হাসান তার মায়ের সঙ্গে গত শনিবার ঢাকা থেকে জয়পুরহাট শহরে আসেন। পরে পানি পান করার কথা বলে হারিয়ে যান। রবিবার দুপুরে স্থানীয়রা পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
প্রাথমিক ধারণা পুলিশের, তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

