যশোর প্রতিনিধি
আগামীকাল (২ ফেব্রুয়ারি) যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে জেলা পুলিশ তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার বিকেল ৫টায় জনসভাস্থল যশোর উপশহর উদ্যান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান, জনসভাস্থল, হেলিপ্যাড এবং যাতায়াতের পথে মোট পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তার জন্য ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি ও ডিএসবি সদস্যগণও দায়িত্ব পালন করবেন। জনসভাস্থলে নিয়োজিত শতাধিক পুলিশ সদস্য ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবেন, যার লাইভ ফুটেজ সরাসরি কন্ট্রোল রুমে দেখা যাবে।
এছাড়া শহরের সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে পাঁচটি স্থানে ডাইভারশন এবং চারটি স্থানে ব্যারিকেড বসানো হয়েছে। নির্দিষ্ট অতিথি ছাড়া কোনো যানবাহন জনসভাস্থলে প্রবেশ করতে পারবে না। সভাস্থলের চারপাশের বড় গাছ বা ঝুঁকিপূর্ণ জায়গায় দর্শনার্থী উঠতে না পারে, সে বিষয়ে আয়োজক দলকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আয়োজক দলের পর্যাপ্ত ভলেন্টিয়ারও মোতায়েন থাকবে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “আমরা এই অনুষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নভাবে সম্পন্ন করব। এটি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশের সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি সফল রিহার্সাল হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান আগামীকাল দুপুর ২টায় উপশহর সংলগ্ন একটি কলেজ মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করবেন এবং সেখান থেকে সড়কপথে উপশহর উদ্যানের জনসভাস্থলে পৌঁছবেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.