রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে যৌথ নিরাপত্তা মহড়া পরিচালিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, নির্বাচন ঘিরে জনমনে নিরাপত্তাবোধ তৈরি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়ার আয়োজন করা হয়। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দেওয়া হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আহনাফ মোত্তাকীর নেতৃত্বে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ এবং বিজিবির অর্ধশতাধিক কর্মকর্তা ও সদস্য যৌথভাবে এ কার্যক্রমে অংশ নেন। মহড়াকালে নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, শেরেবাংলা মার্কেট, কাটেঙ্গা, জয় সেনা তেরখাদা বাজার, টেম্পো স্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে টহল দেওয়া হয়।
মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও তৎপরতার বিষয়টি দৃশ্যমান করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোটগ্রহণকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, “এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য হলো জনমনে নিরাপত্তাবোধ তৈরি করা এবং ভোটারদের নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা।”
আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জয়সেনা বাজারের বুলবুল ফার্মেসির মালিক রবিউল ইসলাম এবং কাটেঙ্গা বাজারের জনপ্রিয় কসমেটিক্সের মালিক ইমদাদুল ইসলাম টনিসহ একাধিক ব্যবসায়ী জানান, নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতিতে তারা স্বস্তি অনুভব করছেন এবং এতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তারা আশাবাদী।
সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তেরখাদা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

