আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা চাওড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সারা জীবন শুনেছি, আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব। আর এখন শুনছি, আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে সে নিজে জান্নাতে যাবে কিনা?”
তিনি আরও বলেন, “একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল করছে। তার নাম নিয়ে পোলাপান ব্যঙ্গ করছে। এমন করলে তার মান-ইজ্জত কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ ও রাসুলের কথা বলবেন, কিন্তু আসছেন নির্বাচন করতে।”
নজরুল ইসলাম মোল্লা ভোটারদের উদ্দেশ্যে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠিত হলে বরগুনা জেলার সকল উন্নয়ন হবে। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানাই।”
পথসভায় সভাপতিত্ব করেন তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার ও সৈয়দ জহিরুল ইসলাম।
উল্লেখ্য, বরগুনা-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহর সঙ্গে বিএনপি প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। মোঃ অলি উল্লাহ বরগুনা জেলার কেওরাবুনিয়া দরবারের পীর।

