শামসুল হক ভূঁইয়া,গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে প্রবাসী ভোটারদের জন্য চালু করা পোস্টাল ব্যালট গ্রহণ ও স্ক্যানিং কার্যক্রমে সাময়িক বিরতি দেয়া হয়েছে। সার্ভারজনিত কারিগরি জটিলতা দেখা দেয়ায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নির্বাচন কার্যালয় সূত্রে প্রাপ্ত ছক অনুযায়ী, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি। অনুমোদিত সব ব্যালটই বিধি অনুযায়ী বিডি পোস্টের মাধ্যমে প্রেরণের জন্য প্রস্তুত করা হয়।
রোববার ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের প্রথম দিনে জেলা প্রশাসনের হাতে ৫০টি পোস্টাল ব্যালট এসে পৌঁছায়। এসব ব্যালট স্ক্যান করে যাচাই করতে গিয়ে সার্ভার জটিলতার কারণে স্ক্যানিং রিপোর্টে তথ্যগত অসামঞ্জস্য ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হলে কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালটের যাচাই (স্ক্যানিং) কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন,'পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি ভোটও যেন ভুলভাবে গণনায় অন্তর্ভুক্ত না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সার্ভারজনিত কারিগরি ত্রুটি চিহ্নিত হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই সাময়িকভাবে যাচাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।'
তিনি আরও জানান, এ পর্যন্ত প্রাপ্ত সব পোস্টাল ব্যালট সরকারি ট্রেজারিতে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সার্ভার সমস্যার সমাধান হলে ডাকযোগে প্রাপ্ত সব পোস্টাল ব্যালট একসঙ্গে পুনরায় স্ক্যানিং করে যাচাই করা হবে। যাচাইয়ে তথ্য সঠিক পাওয়া গেলে নির্বাচন বিধিমালা অনুযায়ী ব্যালটগুলো সংরক্ষণ করে পরবর্তী নির্বাচনী কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং খুব দ্রুতই এই কার্যক্রম পুনরায় শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.