নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় গাজীপুরে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা।
আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ও তাৎপর্যপূর্ণ নির্বাচনী জনসভা।
এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া এই জনসভাকে ঘিরে ইতোমধ্যে গাজীপুরজুড়ে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন এক যৌথ বক্তব্যে জানান, দীর্ঘদিনের দুঃশাসন, অনিয়ম ও বৈষম্যে ক্লান্ত মানুষের জন্য এই জনসভা হবে আশার নতুন ঠিকানা।
তারা বলেন, 'চলো একসাথে গড়ি বাংলাদেশ'-এই শ্লোগান শুধু একটি আহ্বান নয়, এটি একটি দায়িত্ব, একটি স্বপ্ন এবং একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এই জনসভা থেকে জনগণের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা দেয়া হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের মানুষ আজ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী সেই বিকল্প রাজনীতির প্রতিনিধিত্ব করছে, যেখানে ক্ষমতা নয়, বরং জনগণের কল্যাণই মুখ্য। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই জনসভা হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত।
আয়োজকদের মতে, ভাওয়াল রাজবাড়ী মাঠের এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং এটি হবে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও তরুণ সমাজ-সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি গণজাগরণের রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইতোমধ্যে জনসভা সফল করতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে। নেতাকর্মীরা বলছেন, এই জনসভা থেকে একটি স্পষ্ট বার্তা যাবে-বাংলাদেশের মানুষ আর ভয় নয়, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.