আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আদর্শ কলেজে চারতলা ভিত্তিসহ একতলা আধুনিক একাডেমিক ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন ভবনটিতে স্যানিটারি, পানি সরবরাহ এবং বিদ্যুতায়ন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের “নির্বাচিত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ/সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ কাজটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং এটি ৩৬৫ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, “এই নতুন একাডেমিক ভবনের নির্মাণ আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত করবে। আধুনিক ও মানসম্মত অবকাঠামো শিক্ষার্থীদের আরও সুন্দর ও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেবে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন স্বাক্ষরিত কার্যাদেশ অনুযায়ী, ভবনটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.