Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধ, নিহত ১ আহত ২

স্টাফ রিপোর্টার,নড়াইল ও খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল ও খুলনা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউসুফ মোল্লা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মোল্লা বেলেডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউসুফ মোল্লার পরিবারের সঙ্গে একই গ্রামের বালাউদ্দিন মোল্লার ছেলে আতাউর মোল্লা ও তার ভাইদের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ইউসুফ মোল্লা নিজ জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আতাউর মোল্লা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে ইউসুফ মোল্লা, তার পিতা মনিরুজ্জামান রদি মোল্লা, ভাই হযরত আলী মোল্লাসহ আরও দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজনরা জানান, ঘটনার একদিন আগেও একই প্রতিপক্ষ ইউসুফ মোল্লার ছোট ভাই মনিরুজ্জামান মোল্লা ও আব্দুর রহমানকে কুপিয়ে মারাত্মক আহত করে। তারাও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বোন আয়েশা খাতুন, মুরশিদা ও লাকি খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একদিন আগে আমাদের দুই ভাইকে কুপিয়ে আহত করা হয়। এরপর আজ আতাউর মোল্লা ও সিরাজ সোহদ্দীর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল আমাদের বাবা ও ভাইদের ওপর হামলা চালায়। তারা আমার ভাই ইউসুফকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহিম বলেন, “পূর্ব শত্রুতা ও জমির সীমানা বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।