ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) “ভয়কে নয়, স্বাস্থ্যকে প্রাধান্য দিন, রক্ত পরীক্ষা করুন” এই স্লোগানকে সামনে রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
সারা বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় চক শিমলা উচ্চ বিদ্যালয় ও চক শিমলা দাখিল মাদ্রাসা। দিনব্যাপী এই কর্মসূচি দুটি ভেন্যুতে সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চক শিমলা উচ্চ বিদ্যালয়ে এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চক শিমলা দাখিল মাদ্রাসায় বিরতিহীনভাবে রক্ত পরীক্ষা করা হয়। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।
কর্মসূচি চলাকালীন চক শিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রাণ বল্লভ মন্ডল বলেন, “জরুরি চিকিৎসায় রক্তের গ্রুপ জানা থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় রক্তের গ্রুপ না জানায় সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয় না। এমন জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করবে। আমরা এই মহৎ কাজের অংশ হতে পেরে আনন্দিত।”
অন্যদিকে, চক শিমলা দাখিল মাদ্রাসার সুপার মো. মোফাজ্জল হোসেন প্রামানি বলেন, “ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে আর্তমানবতার সেবা করা শ্রেষ্ঠ কাজ। সারা বাংলা কৃষি উন্নয়ন সমিতির এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আমি তাদের এই কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। জরুরি মুহূর্তে রক্তদাতার খোঁজ পেতে বা নিজের প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকা জীবন বাঁচাতে সহায়ক হয়। মূলত গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন তারা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণ ও সমবায় সমিতিগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং রক্তের গ্রুপ নির্ণয় করান মো. মিল্টন, রিদয়, মোনায়েম, মৌসুমী প্রমুখ।

