টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
১৯৭১ সালের পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু বাংলার জনগণ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জিলানী।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কোটালিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন।
এস এম জিলানী বলেন, “যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারাই আজ ২৪-এর অর্জন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ২৪-এর বিজয় এসেছে সর্বস্তরের ছাত্রজনতা ও সাধারণ মানুষের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর জাতীয়তাবাদী শক্তি বিএনপি রাজপথে থেকে গুম, খুন ও নির্যাতনের শিকার হলেও আন্দোলনের মাধ্যমেই ২৪-এর বিজয় নিশ্চিত হয়েছে।”
কোটালিপাড়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমি আপনাদের পাশে ছিলাম। এখন একটি মহল নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো এসে ভোট চাইছে। এখন সিদ্ধান্ত আপনাদের—আপনারা আপনাদের ঘরের সন্তানকে ভোট দেবেন, নাকি স্বাধীনতার পর থেকে যাদের কখনো পাশে পাননি, তাদের ভোট দেবেন।”
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কোটালিপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

