নোয়াখালী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানের সমর্থনে নোয়াখালী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে সোনাপুর পৌর বাজার মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ জনসভাস্থলে এসে জড়ো হন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা মিছিল সহকারে সোনাপুর পৌর বাজার মাঠে উপস্থিত হন।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান বলেন, “সোনাপুর এলাকায় বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে শ্রমজীবী মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। দোকানদারদের জিম্মি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নেওয়া হয়। মুখে কেউ কিছু বলতে না পারলেও অন্তরে কারো শান্তি নেই। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘ সময় ধরে এটি গড়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় সড়ক আরও প্রশস্ত করা হবে এবং সড়কের পাশে যেসব ব্যবসায়ী রয়েছেন, তাদের যথাযথভাবে পুনর্বাসন করা হবে। বর্তমানে এসব ব্যবসায়ীকে নানা ভোগান্তির মধ্য দিয়ে ব্যবসা করতে হচ্ছে। সকালে পুলিশ সরিয়ে দিলে বিকেলে আবার দোকান বসাতে হয়—এভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়।”
তিনি বলেন, “শুধু বিএনপি নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ব্যবসায়ীর সমস্যার সমাধানে কাজ করতে হবে। আমরা আগামী নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে করতে চাই। বিশেষ করে নারীরা যেন নিরাপদে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”
নোয়াখালী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শওকাত হোসেন দিদার এবং সঞ্চালনা করেন নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব জি. এস. আব্দুজ্জাহের হারুন।
সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি শহিদুল ইসলাম কিরণ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার কমিশনার, জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক কমান্ডার ফজলু হক বাদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.