নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা সফল করতে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী।
সোমবার গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলীয় প্রস্তুতি, কর্মসূচি ও জনসভা ঘিরে প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিন। এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের এই সফর শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি গাজীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে।
গাজীপুরবাসীর উদ্দেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে রয়েছে। এই জনসভা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাবে। সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভা সফল করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান খান, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মো. ছাদেকুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.