Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে ক্যাম্পের কিছু সামগ্রী আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয়দের দ্রুত উদ্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ওই নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ জানান, ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে তিনি ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত স্থানীয়দের খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্যাম্পে উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং নির্বাচনী পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।