গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বইছে উৎসবের হাওয়া।
প্রতীক বরাদ্দের পর থেকেই এই নির্বাচনী এলাকার শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী উত্তাপ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ-ঘাট, হাট-বাজার আর পাড়া-মহল্লা।
প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাটবাজার সর্বত্র যাচ্ছেন আর ভোট চাইছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভা সহ ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-১ আসন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তারা হলেন বিএনপির মনোনীত প্রাথী জহির উদ্দিন স্বপন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান (ফুটবল), ১০ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খাঁন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদী (হাতপাখা), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী (বাই সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করছেন।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারসহ রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে প্রার্থীদের সাদা-কালো ব্যানার ও ফেস্টুন। মাইকের আওয়াজে মুখরিত চারপাশ। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্ঠা জহির উদ্দিন স্বপনের সমর্থকরা ব্যাপক উৎসাহসহ প্রচার প্রচারণা করছেন।
অন্যদিকে বহিস্কৃত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খাঁন, ও ইসলামী আন্দোলনের রাসেল সরদার মেহেদী, জাতীয় পার্টি প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলীর সমর্থকরাও ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।
দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। সাধারণ ভোটাররা বলছেন, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক এবং কৃষি আবাদি ফসলে খালে পানি সমস্যা সমাধান এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবেন। তরুণ ভোটারদের মধ্যে প্রযুক্তি ও শিক্ষার আধুনিকায়ন নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে। প্রবীণ ভোটার বলেন, যে প্রার্থী আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন, তাকেই আমরা বেছে নেব।
নির্বাচনী মাঠের বর্তমান সমীকরণ বলছে, জহির উদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা উঠবে, তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, বরিশাল -১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন এবং আগৈলঝাড়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন।
গৌরনদীতে মোট ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গৌরনদীতে ঝুকিপূর্ন কেন্দ্র ৪৪ টি ও আগৈলঝাড়ায় ঝুকিপূর্ন কেন্দ্র ৩৮ টি।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, ‘নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এ আসনে বেশ কিছু কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহীর পাশাপাশি বিজিবি সদস্যরাও নিয়মিত টহলে রয়েছে। ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

