ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ জনসভা দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—থেকে দলের মনোনীত ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করছে।
জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন, আলোকসজ্জা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)দুপুরে জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ, ফরিদপুর সদর আসনের প্রার্থী নায়াব ইউসুফসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের সদস্যরা নিয়মিতভাবে সভাস্থল পরিদর্শন ও প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আলাদা স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের প্রতি দিকনির্দেশনাও থাকতে পারে।
সব মিলিয়ে ফরিদপুর বিভাগীয় এই জনসভা বিএনপির শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.