শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে চার্জে থাকা মোবাইলফোন বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর বাড়ি। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
শেরপুর পৌর শহরের টাউন কলোনী মহল্লায় মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ব্যক্তি এস এম খোকন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর জোনাল কার্যালয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত।
তিনি জানান, তার বাড়ির একটি মোবাইলফোন বিদ্যুতের চার্জে দেওয়া ছিল। চার্জ দেওয়ার সময় হঠাৎ মোবাইলফোনটি বিস্ফোরিত হলে ঘরের ভেতরে আগুন ধরে যায়। চার্জারের আশপাশে রাখা শুকনো কাপড়সহ পুরো ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির চারটি কক্ষে ছড়িয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।
তিনি আরও জানান, আগুনে তার নগদ প্রায় ৫০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, কাপড়চোপড়সহ ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এতে তার অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা বাইরে থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ভয়ে কেউ ঘরের ভেতরে প্রবেশ করতে পারেননি। খবর পেয়ে বগুড়া শহর ফায়ার সার্ভিসের একটি এবং শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়েনি”।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.