গোপালগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাঠে নামানো হয়েছে বিপুল সংখ্যক বিজিবি সদস্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় অবস্থিত ৬২টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। এ লক্ষ্যে মোট ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন বিজিবির জোয়ানরা।
বিশেষভাবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছে ৮ প্লাটুন বিজিবি সদস্য।
লিখিত বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, “আমরা দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র্যাপিড অ্যাকশন টিম (RAT) সদা প্রস্তুত থাকবে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, জনগণের আস্থা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

