মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় ফারহান ফয়সাল (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা পিকআপ চালক ও তার সহযোগীকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান ফয়সাল ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি যমুনা ব্যাংকের আলদি শাখার কর্মী এবং দুই কন্যাসন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গোয়ালঘুর্নি মসজিদের সামনে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ফয়সালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে পিকআপসহ চালক লিটন (২৮) ও তার সহযোগী মাইনুদ্দিন (২৬)-কে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে উদ্ধার করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে মসিপাহিপাড়া চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, আটক চালক ও তার সহযোগী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

