হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মচারীরা “আগে হবে প্রজ্ঞাপন, পরে নির্বাচন—পে-স্কেল নিয়ে টালবাহানা চলবে না”সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা একই স্থানে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিসের সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু এবং সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সরকারের অর্থ উপদেষ্টা একটি পে-স্কেল কাঠামো গঠন করে গণমাধ্যমে প্রকাশ করলেও এর বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, পে-স্কেল প্রজ্ঞাপন নিয়ে টালবাহানা বন্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং প্রজ্ঞাপন জারির পরই নির্বাচন দিতে হবে। এ বিষয়ে সরকারের ভেতরের একটি মহল চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.