শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা সফল করতে শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুলসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গাজী নজরুল ইসলাম বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণ মানবাধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করে তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতল্লা সিবগা, ডাকসুর ভিপি সাদিক কাইয়ুমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুশৃঙ্খল জনসভা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপকূলীয় শ্যামনগরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে গবেষণার উদ্যোগ নেওয়ার কথা জানান। নির্বাচিত হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা জোরদার করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নাভারণ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন বাস্তবায়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি সরকার প্রদত্ত ট্যাক্স ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না।
সংবাদ সম্মেলন শেষে জনসভা ঘিরে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.